Image description

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত-চীন সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে সিনেমাটির মূল বিষয়বস্তুতে পরিবর্তন আনা হয়েছে এবং চীনকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে নির্মাতাদের ওপর চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধ্রুব রাঠি অভিযোগ করেন, চীনের সমালোচনামূলক বিষয়বস্তু থাকায় চলচ্চিত্রটি আগের রূপরেখায় মুক্তি দেওয়ার সাহস দেখাতে পারেনি সরকার। সিনেমাটির একটি বড় অংশের শুটিং পুনরায় করা হয়েছে এবং সংশোধিত সংস্করণে প্রতিপক্ষ চীনকে ইতিবাচকভাবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে তাঁর এই অভিযোগের কোনো স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে ঘটা রক্তক্ষয়ী সংঘর্ষের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শহীদ ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। ওই ঐতিহাসিক সংঘর্ষে সন্তোষ বাবুসহ মোট ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন।

চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর চীনের রাষ্ট্র সমর্থিত গণমাধ্যমে কড়া সমালোচনা করা হয়। পরবর্তীতে চলতি বছরের মার্চ মাসে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। অবশ্য পরিচালক অপূর্ব লাখিয়া বিষয়টি পরিষ্কার করে জানান, শুরু থেকেই দুটি নাম নিবন্ধিত ছিল এবং এটি শুধু কোনো যুদ্ধের গল্প নয়, বরং সেনাদের নীরব সংগ্রাম ও মানবতার গল্প।

প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটি মুক্তির জন্য ইতোমধ্যে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) লাভ করেছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চূড়ান্ত ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আগামী ১৩ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

ডিআর