ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী এক বছর এসব পরিবারের খাদ্যসহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই তারকার।
আসন্ন সিনেমা ‘রানাবালি’তে অভিনয় করতে গিয়ে এমন মানবিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন রাশমিকা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি। ভিডিওতে তাঁর প্রতিনিধিদল সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে চাল, ডাল, আটা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে দেখা যায়।
রাশমিকা জানান, প্রাথমিকভাবে ৪০০টি পরিবারের তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর নতুন করে ৪০০টি অসচ্ছল পরিবারকে সহায়তা দেওয়া হবে।
অভিনেত্রীর আশা, খাদ্যসামগ্রীর খরচ বেঁচে যাওয়ায় পরিবারগুলো সেই অর্থ সন্তানদের শিক্ষা কিংবা স্বাবলম্বী হওয়ার কাজে ব্যয় করতে পারবে।
নিজের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণ ব্যাখ্যা করে রাশমিকা বলেন, ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। আগে এ ধরনের কাজ আড়ালে করলেও এবার অন্যদের অনুপ্রাণিত করতেই উদ্যোগটি প্রকাশ করেছেন। তাঁর মতে, ছোট একটি ভালো কাজও মানুষের জীবন বদলে দিতে পারে।
রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘রানাবালি’ সিনেমার পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের দক্ষিণ ভারতের মহাদুর্ভিক্ষ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে খরা ও শস্য রপ্তানির প্রভাবে তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অনাহারী মানুষের অধিকার রক্ষায় লড়াই করা এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রী জয়ম্মার চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। বিয়ের পর একসঙ্গে এটি তাঁদের প্রথম সিনেমা। ছবিটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএস




Comments