Image description

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালি সন্ধ্যা। আগামী ৭ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইশক-এ-নুসরাত’ শীর্ষক এই সংগীতানুষ্ঠান।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের আয়োজনে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড ‘নাফস’। পাশাপাশি সুফি নৃত্য পরিবেশন করবে ‘এইচইউ সুফি ট্রুপ’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।

নুসরাত ফতেহ আলী খানের স্মৃতি ও সংগীতজীবনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে রাখা হচ্ছে বিশেষ আলোকচিত্র গ্যালারি ও স্মারক প্রদর্শনী। পুরো আয়োজন সাজানো হবে সুফি সংগীতের আবহে।

দর্শকদের সুবিধার জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগের উপযোগী পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ বজায় রাখতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে।

অনুষ্ঠানের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা থেকে। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে টিকিটিফাই ওয়েবসাইটে। আয়োজকদের আশা, সুফি সংগীতের অনুরাগী ও নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের অংশগ্রহণে সন্ধ্যাটি স্মরণীয় হয়ে উঠবে।