Image description

ভারতের উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করায় বলিউড অভিনেত্রী সারা আলি খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন উত্তর প্রদেশের বেরেলির এক ধর্মীয় নেতা। একই সাথে ইসলামী শরীয়াহর দোহাই দিয়ে ওই অভিনেত্রীকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’-এর এক প্রতিবেদনে এই ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে ‘অল ইন্ডিয়া মুসলিম জামাত’-এর জাতীয় সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সারার কেদারনাথ সফর নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সারা আলি খানের মন্দিরে যাওয়ার ছবি প্রকাশ্যে আসার পর বহু তরুণ মুসলিম এ বিষয়ে তাঁর কাছে ধর্মীয় ব্যাখ্যা ও মতামত জানতে চেয়েছেন।

মাওলানা মুফতি শাহাবুদ্দিন রাজভি বলেন, “ইসলামী শরিয়াহ অনুযায়ী কোনো মুসলিম নারী বা পুরুষের জন্য অন্য কোনো ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা-প্রার্থনা করা কিংবা সেখানকার ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। সারা আলি খান যদি স্বেচ্ছায় কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা দিয়ে থাকেন এবং আশীর্বাদ চেয়ে থাকেন, তবে তিনি চরম গুনাহর কাজ করেছেন। এর জন্য তাঁকে অবিলম্বে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।”

তবে কেদারনাথ মন্দিরের সঙ্গে বলিউড তারকা সারা আলি খানের সম্পর্ক নতুন নয়। পতৌদির নবাব পরিবার তথা অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা দীর্ঘদিন ধরেই প্রতি বছর সুযোগ পেলেই হিমালয়ের এই পবিত্র তীর্থস্থানে যাত্রা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়েই বলিউডে ডেবিউ ঘটেছিল সারার। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার পটভূমিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। সেই থেকেই কেদারনাথের প্রতি তাঁর বিশেষ এক আবেগীয় ও আত্মিক টান রয়েছে।

সাম্প্রতিক তীর্থযাত্রার সময়ও সারাকে কেদারনাথ মন্দিরে জল ঢালা, পূজা দেওয়া ও সান্ধ্যকালীন আরতিতে অংশ নিতে দেখা গেছে। শুধু কেদারনাথই নয়, কাছের ভুকুন্ত ভৈরব মন্দিরেও গিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও ফতোয়ার মুখে পড়লেও অভিনেত্রী সারা আলি খান এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

ডিআর