Image description

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। রাজশাহী শিক্ষা বোর্ডেও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫ দশমিক ৬ শতাংশ। তবে এর মধ্যেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবারের পরীক্ষায় কলেজটি থেকে অংশ নেওয়া ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।

অধ্যক্ষ আরও বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার চর্চা করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি বলেন, সামগ্রিকভাবে ক্যাডেট কলেজগুলো ক্যাডেটদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী ক্যাডেট কলেজ সবার আন্তরিক দোয়া কামনা করছে।

এসএ