Image description

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৃতিতে এসেছে ঋতুরানী শরৎ। ভাদ্রের শুরুতেই গাজীপুর মহানগরীর পূবাইলের গ্রামীণ জনপদে লেগেছে শরতের স্নিগ্ধতার ছোঁয়া। সাদা মেঘের ভেলা, নীল আকাশ, সবুজের সমারোহ আর নির্মল বাতাসে বদলে গেছে এলাকার প্রকৃতির চিরচেনা দৃশ্যপট।

যান্ত্রিক শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পূবাইলের গ্রামবাংলার প্রকৃতি যেন আপন রূপে সাজতে শুরু করেছে। আকাশজুড়ে তুলার মতো সাদা মেঘের ভেসে বেড়ানো, মেঘ-রোদের লুকোচুরি আর চারপাশের সবুজের মিতালী তৈরি করেছে এক মনোরম পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, বর্ষার রেশ কাটিয়ে পূবাইলের বিভিন্ন ডোবা, নালা ও জলাশয়ে জমেছে স্বচ্ছ পানি। সেই স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছে চারপাশের সবুজ গাছপালা। জলাশয়ের পাড়, খোলা মাঠ ও গ্রামীণ পথের দুপাশে সতেজ হয়ে উঠেছে নানা ধরনের লতাগুল্ম ও উদ্ভিদ। বর্ষার পলিমাটি ও পর্যাপ্ত বৃষ্টির পানিতে গাছপালা এখন আরও সবুজ ও প্রাণবন্ত।

বিশেষ করে পূবাইলের রেলপথ ও এর আশপাশের গ্রামীণ এলাকায় শরতের আবহ বেশ স্পষ্ট হয়ে উঠেছে। সবুজে ঘেরা পথ, খোলা আকাশ আর মৃদু বাতাসে সেখানে তৈরি হয়েছে প্রশান্তিময় এক পরিবেশ। প্রকৃতির এমন রূপ মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীদেরও।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমী আনিসুর রহমান বলেন, “শরৎ এলেই পূবাইলের প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা, চারপাশের সবুজ আর নির্মল বাতাস মনকে প্রশান্ত করে। নগরজীবনের ব্যস্ততার মাঝেও পূবাইলের এমন প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো।”

প্রকৃতির এই অপরূপ পরিবর্তন যেন মনে করিয়ে দিচ্ছে আবহমান বাংলার সেই চিরচেনা শরৎকে। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর সবুজে ঘেরা পূবাইলের গ্রামীণ প্রকৃতি হয়ে উঠেছে যেন এক জীবন্ত ক্যানভাস। ব্যস্ত নগরজীবনের বাইরে এমন নির্মল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে প্রশান্তি খুঁজে নিচ্ছেন অনেকেই।

সব মিলিয়ে শরতের আগমনে পূবাইলের প্রকৃতিতে এখন বিরাজ করছে স্নিগ্ধতা ও সৌন্দর্যের আবেশ। প্রকৃতির এই রূপ যেন কবির কবিতা কিংবা চিত্রশিল্পীর তুলির আঁচড়কেও হার মানায়।

ডিআর