পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে নাগরিকদের বই পড়ার বিনিময়ে টাকা ও উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। এ জন্য পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প চালু করেছে দেশটি।
প্রকল্পের আওতায় নাগরিকরা প্রতিদিন কতক্ষণ বই পড়ছেন, তা সরকারি ওয়েবসাইটে জমা দিলে নির্দিষ্ট পয়েন্ট পাবেন। পরে সেই পয়েন্টের বিনিময়ে ছোট উপহার বা অর্থ পাওয়ার সুযোগ থাকবে।
সিঙ্গাপুরের কর্তৃপক্ষ আশা করছে, পয়েন্ট পাওয়ার এই ব্যবস্থা নাগরিকদের বই পড়ায় উৎসাহিত করবে। বর্তমানে মোবাইলে একটানা স্ক্রল করার প্রবণতা বা ‘ডুমস্ক্রলিং’-এর কারণে মানুষের বই পড়ার অভ্যাস কমছে।
ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা ট্যাম বলেন, সংক্ষিপ্ত লেখা দ্রুত তথ্য দিতে পারে। তবে বড় লেখা বা বই পড়া মানুষের চিন্তাশক্তি ও নতুন কিছু ভাবার ক্ষমতা বাড়ায়। কৌতূহলী ও সচেতন একটি সমাজ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই প্রকল্প থেকে রাতারাতি বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ নেই। একটানা ৫০ দিন বই পড়ার পর ১ সিঙ্গাপুর ডলার পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়লে ২০ পয়েন্ট পাওয়া যাবে। এভাবে ১ হাজার পয়েন্ট জমা হলে পাওয়া যাবে ১ ডলার।
একজন নাগরিক দিনে একবারই তার বই পড়ার সময়ের হিসাব জমা দিতে পারবেন।
এসএস




Comments