Image description

দক্ষিণ আমেরিকা মহাদেশের ইতিহাসে প্রথম দেশ হিসেবে সরাসরি বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত ও প্রকল্প চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে বহুল আলোচিত এই কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন দেশটির অর্থমন্ত্রী লুই কাপুতো।

চলতি ২০২৬ বছরের চতুর্থ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) থেকেই আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের জন্য আবেদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া উন্মুক্ত করা হবে। নির্ধারিত প্রস্তাবনা অনুযায়ী, আর্জেন্টিনীয় সরকারি তহবিলে অফেরতযোগ্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩০ লাখ ৩২ হাজার টাকা) সরাসরি জমা দিয়ে কিংবা ৮ লাখ মার্কিন ডলার (প্রায় ৯ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকা) মূল্যের সরকারি পাবলিক বন্ড ক্রয়ের মাধ্যমে বিদেশি নাগরিকরা আর্জেন্টিনার নাগরিকত্ব পেতে পারেন।

আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামষ্টিক অর্থনীতিতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক পরিবেশকে মজবুত করার লক্ষ্যেই এই যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দায়িত্ব গ্রহণের পর থেকেই কঠোর কৃচ্ছ্রসাধন নীতি, অর্থনৈতিক সংকোচন এবং বিশেষ প্রণোদনা কর্মসূচি ‘রিজি’ (RIGI)-এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও জাতীয় রিজার্ভে ডলার সঞ্চয় বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের ধারণা, মুক্তবাজার অর্থনীতির অংশ হিসেবে গৃহীত এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি সংকটময় অর্থনীতিতে জরুরি বৈদেশিক মুদ্রার শক্তিশালী জোগান নিশ্চিত হবে।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ডিসেম্বরে চরম অর্থনৈতিক অস্থিরতার মধ্যে মিলেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার সময় আর্জেন্টিনায় মাসিক মূল্যস্ফীতির হার ছিল ২৫.৫ শতাংশ, যা সরকারের কঠোর নীতিমালার ফলে চলতি বছরের আগস্টে ১.৭ শতাংশে নেমে এসেছে। তবে আগামী বছর সরকারকে বড় আকারের আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ঋণ পরিশোধের চাপ কমানো এবং মিলেইয়ের আর্থিক সংকোচন নীতির সাফল্য বজায় রাখা বিদেশি বিনিয়োগের ওপর অনেকাংশে নির্ভর করছে।

প্রকল্পের নীতিমালা অনুযায়ী, প্রধান আবেদনকারীর পাশাপাশি তাঁদের জীবনসঙ্গী এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী অবিবাহিত ও সন্তানহীন সন্তানেরা সরকারি তহবিলে অতিরিক্ত ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা) জমা দিয়ে নাগরিকত্ব পেতে পারেন। অন্যদিকে, আবেদনকারীর সন্তানের বয়স ১৮ বছরের নিচে হলে তাদের ক্ষেত্রে আবেদন ফি ধরা হয়েছে ২৫ হাজার ডলার (প্রায় ৩০ লাখ ৭৪ হাজার টাকা)।

ডিআর