আজ ১৭ অক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ বা ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। পুরনো সম্পর্কের তিক্ততা, জমা থাকা অভিমান ও না বলা কষ্ট পেছনে ফেলে জীবনে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় এই দিনটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৮ সাল থেকে এই দিবসটি পালনের প্রচলন শুরু হয়। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকের মনেই দীর্ঘসময় ধরে ক্ষোভ, হতাশা কিংবা কষ্ট জমা হয়ে থাকে। সময়ের সঙ্গে সেই তীব্রতা কমলেও পুরনো স্মৃতি কখনো কখনো বর্তমান জীবনে প্রভাব ফেলে। এই দিনটিকে মূলত অতীত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিজের মানসিক শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার একটি উপলক্ষ হিসেবে দেখা হয়।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও অভিমান মানুষের মানসিক অস্বস্তি ও চাপ বাড়িয়ে দেয়। নিজের অনুভূতি বোঝা, কাছের মানুষের সঙ্গে কথা বলা এবং প্রয়োজনে স্বাস্থ্যকর ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।
ক্ষমা মানেই কি পুরনো সম্পর্কে ফিরে যাওয়া?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, প্রাক্তনকে ক্ষমা করা মানে কি তাঁর সব আচরণ মেনে নেওয়া বা সম্পর্কে আবার ফিরে যাওয়া? সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে যাওয়াই স্বাভাবিক। কাউকে ক্ষমা করার অর্থ এই নয় যে তাঁকে পুনরায় জীবনে ফিরিয়ে আনতে হবে। বরং অতীতের তিক্ত অভিজ্ঞতাকে কেবল মেনে নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎকে সুন্দর করা এবং প্রয়োজনে নিরাপদ দূরত্ব বজায় রাখাও এর অংশ।
ক্ষমা করার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। কেউ হয়তো পুরনো সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কেউ কষ্টের স্মৃতি চিরতরে মুছে ফেলতে চান, আবার কেউ কোনো যোগাযোগ ছাড়াই নিজের মতো করে সামনে এগিয়ে যান। দিনটির মূল বার্তা হলো—অতীতের কোনো সম্পর্ক যেন বর্তমানের শান্তি ও ভবিষ্যতের সম্ভাবনাকে আটকে না রাখে। ক্ষমা করবেন কি না, যোগাযোগ রাখবেন কি না কিংবা স্মৃতিগুলোকে কীভাবে সামলাবেন, সেই পূর্ণ অধিকার ও সিদ্ধান্ত কেবল আপনার নিজেরই।
ডিআর




Comments