Image description

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে। গত একদিনে নতুন করে ১ হাজার ২১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৯৯৭ জনের প্রাণহানি হলো। পরিসংখ্যানে দেখা গেছে, মোট মৃতদের মধ্যে ৮৯৭ জন হামের উপসর্গ নিয়ে এবং ১০০ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত একদিনে নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ১৫৬ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১৯ হাজার ৭৫৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

ডিআর