যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার সংলাপের জোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এবং ভারতের পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান।
পাকিস্তানের উচ্চপদস্থ দুটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকেই এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা যেন সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকে, সেদিকেই সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে। সূত্র আরও জানায়, বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরও এই প্রস্তুতিরই একটি অংশ।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত টানা ৪০ দিন চলে। এরপর ৮ এপ্রিল দুপক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এই সংঘাতে শুরু থেকেই প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল পাকিস্তান।
স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা প্রথম দফার বৈঠকে বসেন। তবে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন তারা।
প্রথম দফার এই সংলাপ ব্যর্থ হলেও উভয় দেশই দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। সেই সঙ্গে ভেন্যু হিসেবে ইসলামাবাদে যেতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান এখন এই দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি, পিটিআই
মানবকণ্ঠ/আরআই




Comments