ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে কুয়েত। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের প্লেন চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি কুয়েত বিমানবন্দরের টি-১ (T-1) টার্মিনালে আঘাত হানে। এতে ভবনটির উল্লেখযোগ্য কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় কয়েকজন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় বা সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতগামী যে ফ্লাইটগুলো উড্ডয়ন অবস্থায় ছিল, সেগুলোকে জরুরি ভিত্তিতে পার্শ্ববর্তী দেশগুলোর বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে কুয়েতের ওপর এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও সংকটাপন্ন করে তুলেছে। আল-জাজিরা জানিয়েছে, কুয়েত কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এই হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কবস্থা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ যুদ্ধের ভয়াবহতাকে আরও বিস্তৃত করতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments