Image description

মার্কিন প্রশাসনের নজর ইউক্রেন যুদ্ধ থেকে সরে এখন ইরান সংকটের দিকে মনোনিবেশ করেছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

কিয়েভে সফররত ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের জন্য এখন ইরানই এক নম্বর বিষয়। দুর্ভাগ্যবশত, আমরা আলোচনার কেন্দ্রে নেই।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে কংগ্রেসে ১০ ঘণ্টার দীর্ঘ সাক্ষ্য দিলেও সেখানে ইউক্রেন প্রসঙ্গটি প্রায় অনুপস্থিত ছিল। 

রুবিও স্বীকার করেছেন যে, ইউক্রেন সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং কূটনৈতিক প্রচেষ্টাও বর্তমানে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি এখন দুই বছর আগের চেয়েও বেশি বাস্তব।”

এদিকে, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার বেশ কয়েকবার মস্কো সফর করলেও কিয়েভে না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। 

তিনি পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়ে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। 

অন্যদিকে, ৩ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলা এবং রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

এই প্রেক্ষাপটে জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোকে এই সংকটে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।