চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের কাছে ‘হজ ২০২৭ রোডম্যাপ’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সৌদি আরব। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদের নিকট এই রোডম্যাপ হস্তান্তর করেন।
সৌদি কর্তৃপক্ষ এ সময় বাংলাদেশের হজ ব্যবস্থাপনা, চমৎকার সমন্বয় এবং হাজীদের সেবার মান নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করে। হস্তান্তরকৃত রোডম্যাপে ভবিষ্যৎ হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কৌশলগত লক্ষ্য, পরিচালনাগত নির্দেশনা এবং আধুনিক সেবার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে।
সফরকালে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদ সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলায়মান মাশাতের সঙ্গেও পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে উভয় পক্ষ চলতি হজ মৌসুমের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি হাজীদের জন্য আবাসন, পরিবহন, ডিজিটাল সেবা, স্বাস্থ্যসেবা ও লাগেজ ব্যবস্থাপনায় আরও উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।
ড. আব্দুল ফাত্তাহ বিন সুলায়মান মাশাত এবং সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ চলতি বছর বাংলাদেশ হজ মিশনের কার্যকর সমন্বয় এবং আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে এই সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশ সরকারের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদ সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো হজ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং হাজীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা প্রদান করেছেন।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এই রোডম্যাপ হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরও দক্ষ, আধুনিক ও হাজীবান্ধব হয়ে উঠবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments