টঙ্গিবাড়ীতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো. তবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তবিবুর রহমান ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার প্রতিবেশী স্কুল শিক্ষক মো. রুহুল আমিনের বাড়িতে মাঝে মাঝে গৃহস্থালি কাজ করতো। গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে শিক্ষক রুহুল আমিন ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে রুহুল আমিনের বোন জামাই তবিবুর রহমান ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গত ৩ জুন মুন্সীগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে জানা যায় যে, ওই কিশোরী ২৩ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের সঙ্গে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে কিশোরীর বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments