ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর নতুন করে আবার সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (৫ জুন) ভোরে রাজ্যের কাংপোকপি জেলায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীরা গ্রামের অসংখ্য ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে কাংপোকপি বিভাগের নিউ কেথিলেমানবির লোইবোল গ্রামে একদল ভারী অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। গ্রামবাসীরা ঘুমিয়ে থাকা অবস্থায় তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এতে গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলির পাশাপাশি সন্ত্রাসীরা গ্রামের বহু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে অনেক বসতবাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত তিন ব্যক্তি হলেন—লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ।
খবর পেয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা ততক্ষণে গা ঢাকা দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা জানতে ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে সেনাবাহিনী ও পুলিশ।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকেই মণিপুর রাজ্যে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। দীর্ঘদিনের এই অস্থিরতার রেশ কাটিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার লক্ষণ দেখা গেলেও আজকের এই হামলা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
মানবকণ্ঠ/ডিআর




Comments