দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪১১টি শিশু।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। নতুন আক্রান্তদের মধ্যে ২৪৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ১৬৮ জন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন শিশু এবং বাকি ৫১৯ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী ৯ হাজার ৫০৩ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৬২ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হামের এই ভয়াবহ বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিশুদের মধ্যে সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মানবকণ্ঠ/ডিআর




Comments