Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। একই সময়ে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র লুক শ্রোডার জানিয়েছেন, শনিবার ওয়াশিংটন থেকে যাত্রা শুরু করেছেন জেডি ভ্যান্স।

এর আগে ভ্যান্স জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতোমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং বৈঠকের কারিগরি ও প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান যুদ্ধবিরতি বজায় রাখতে ওয়াশিংটন ও তেহরান ইতিবাচক অগ্রগতি অর্জন করতে পারবে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনায় অংশ নিতে দেশটির প্রতিনিধিদল শনিবারই জুরিখে পৌঁছেছে। একইসঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও এ আলোচনায় অংশ নেবে। পাশাপাশি ইসলামাবাদ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে তার সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকের প্রথম দিনের আলোচ্যসূচিতে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার পর এটিই প্রথম আলোচনার বিষয় হতে পারে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই আলোচনায় ইসরায়েল, হিজবুল্লাহ কিংবা লেবানন সরকারের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে না।

সূত্র: আনাদোলু ও আল জাজিরা

মানবকণ্ঠ/আরআই