জাপানের বিপক্ষে একতরফা ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে তিউনিসিয়া। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল আফ্রিকার দলটি।
মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় এশিয়ান দলটি। দ্রুত গোল হজম করে চাপের মুখে পড়ে তিউনিসিয়ার রক্ষণভাগ।
প্রথমার্ধে ৩১ মিনিটে আয়াসে উয়েদার কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করে জাপান। এর আগে আরও একটি সুযোগ তৈরি হলেও তিউনিসিয়ার গোলরক্ষক বড় ব্যবধান এড়ান।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে জাপান। ৬৯ মিনিটে জুনিয়া ইতো ব্যবধান ৩-০ করেন। পরে ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন উয়েদা।
পুরো ম্যাচজুড়ে গতি, পাসিং ও আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে জাপান। অন্যদিকে শুরুতেই দুই গোল খাওয়ার ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। রক্ষণভাগের একাধিক ভুলই তাদের বড় ব্যবধানে হারের কারণ হয়ে দাঁড়ায়।
এই জয়ে গ্রুপ এফ থেকে নকআউট পর্বের পথে বড় অগ্রগতি করল জাপান। অপরদিকে টানা দুই হারে তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments