মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানে আরও বড় ধরনের হামলা চালাতে পারে। দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, গত রাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালিয়েছে এবং আজ রাতেও আরও বড় হামলা হতে পারে। তিনি ইরানকে আগাম সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র খুব শক্তভাবে আঘাত হানতে প্রস্তুত।
ট্রাম্পের অভিযোগ, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ইরান সম্মত হলেও পরে প্রকাশ্যে সেই আলোচনা অস্বীকার করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হলো—ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।
তিনি আরও দাবি করেন, চাইলে যুক্তরাষ্ট্র ইরানের আরও যুদ্ধজাহাজ ধ্বংস করতে এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে সক্ষম। তবে আপাতত এমন পদক্ষেপ নেওয়ার ইচ্ছা নেই বলেও জানান।
এ ছাড়া ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে।
এর আগে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে হামলা চালায় এবং ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করে। জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এ ঘটনায় দুই দেশের চার মাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।




Comments