পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে গত চার দিনে সশস্ত্র হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ৯৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪২ জন পুলিশ, সেনাসদস্য ও বেসামরিক নাগরিক এবং ৫৪ জন সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ৬ জুলাই থেকে বেলুচিস্তানে তিনটি বড় হামলার ঘটনা ঘটে। এসব হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, হামলাগুলোতে ৪২ জন নিরাপত্তা সদস্য ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তিনি দাবি করেন, নিহত সন্ত্রাসীরা ভারতের সমর্থিত গোষ্ঠীর সদস্য।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি হয় ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন।
দ্বিতীয় হামলাটি ঘটে ৬ জুলাই মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশ চেকপোস্টে। হামলায় প্রথমে ৯ পুলিশ সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও হতাহতের ঘটনা ঘটে। একই সময়ে জিয়ারতের পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের মধ্যেও ১৮ পুলিশ সদস্য নিহত হন।
আইএসপিআর জানায়, মাঙ্গি চেকপোস্টে হামলা ও পরবর্তী অভিযানে মোট ২৭ পুলিশ সদস্য নিহত এবং ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।




Comments