যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করতে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলোর দাবি, সম্ভাব্য এই পদক্ষেপ নিয়ে ইরানের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই বার্তা হুতিদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। তবে বার্তাটি কীভাবে পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুতিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।
হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরসংলগ্ন পার্বত্য এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে গোষ্ঠীটি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের পর বাব এল-মান্দেব প্রণালিও অচল হয়ে যায়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেল পরিবহনে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। হুতিদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তে ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তবে এ বিষয়ে ইরান বা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।




Comments