Image description

ময়মনসিংহের নান্দাইলে পুকুরে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল সাত বছরের শরীফা। কিন্তু সাঁতার না জানায় শেষ পর্যন্ত দুই ভাই-বোনেরই মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের কৃষক শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শরীফা ও মাহমুদুল বাড়ির পাশের বেগুনক্ষেত দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে অসাবধানতাবশত মাহমুদুল পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দেয় শরীফা। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দুই ভাই-বোনই পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর আশপাশের কয়েকজন শিশু বিষয়টি দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই ভাই-বোনকে উদ্ধার করা হলেও তারা আর বেঁচে ছিল না।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের কান্নায় শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।

নান্দাইল মডেল থানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’