মালয়েশিয়ার পাহাং রাজ্যে পরিচালিত যৌথ অভিযানে ৮১ বাংলাদেশিসহ মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। একটি নির্মাণ প্রকল্পে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে হাবু এলাকার একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়।
পাহাং অভিবাসন বিভাগের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ছয়জন নারী।
আটকদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করায় ২৬ জন, অভিবাসন আইন লঙ্ঘনের অন্য একটি ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটকদের পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।




Comments