সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে নিজেদের ওপর হামলার সমতুল্য বলে উল্লেখ করেছে পাকিস্তান। ইসলামাবাদ ইরানকে জানিয়ে দিয়েছে, সৌদির নিরাপত্তার বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ তাদের জন্য ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত হবে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, হুতিদের হামলার পর পাকিস্তানের সামরিক ও বেসামরিক শীর্ষ নেতৃত্ব উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে। ইসলামাবাদের ভাষ্য, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, যেকোনো এক দেশের ওপর বহিরাগত হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সেই চুক্তির আওতায় ইয়েমেন সীমান্তবর্তী সৌদি অঞ্চলে পাকিস্তানি সেনাও মোতায়েন রয়েছে।
গত সোমবার হুতি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ তুলে হুতিরা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে প্রায় চার বছরের যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, এই সংকট পাকিস্তানের জন্য নিরাপত্তা ও অর্থনৈতিক-দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। লোহিত সাগরে নৌবাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় পাকিস্তানকে জরুরি পদক্ষেপও নিতে হয়েছিল।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় থাকা পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে চাইলেও, সৌদি আরবের নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। পাকিস্তানের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সৌদি আরব সামরিক সহায়তা চাইলে ইসলামাবাদ তাদের পাশে দাঁড়াবে।
সূত্র: জিও নিউজ, রয়টার্স




Comments