Image description

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে টানা ভারী বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, ডোডা, বুদগাম ও কুলগামসহ কয়েকটি জেলা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির অবনতির কারণে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার নতুন করে সতর্কতা জারি করে নদী ও খালের তীরবর্তী এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভারী বৃষ্টির কারণে কাশ্মীরকে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্তকারী প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে চলমান দুর্যোগের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গ্রীষ্মকালীন ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে পীর পাঞ্জাল পর্বতাঞ্চলের নদী-নালা ও ঝরনাগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

প্রশাসন জানায়, রাজৌরি শহরের মধ্য দিয়ে প্রবাহিত দরহালি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সুরক্ষা বাঁধ ভেঙে যায়। ফলে আশপাশের আবাসিক এলাকায় বন্যার পানি ঢুকে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এ এলাকায় অন্তত ৫০টির বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া থানা মান্ডি, দরহাল ও মঞ্জাকোটের মতো প্রত্যন্ত এলাকাতেও ভূমিধসের কারণে সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, কাশ্মীর উপত্যকার বুদগাম জেলার বেরওয়াহ তহসিলে একটি শপিং কমপ্লেক্স ধসে পড়েছে। তবে আগেই ভবনটি খালি করে দেওয়ায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবহাওয়া বিভাগ আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে।