কারাগারে চাপ কমাতে ১৩ হাজার ৭০০ বন্দিকে বাড়িতে সাজা খাটতে দেয়া হবে। ইতালির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি নতুন আইন পাস হয়েছে।
বুধবার (৩১ জুলাই) মাদক ও অ্যালকোহল আসক্ত বন্দিদের জন্য এমন আইন পাস হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তকে ‘একাধিক ফ্রন্টে বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই আইনের ফলে একদিকে যেমন কারাগারের উপচে পড়া ভিড় কমবে, অন্যদিকে আসক্ত বন্দিদের পুনর্বাসনেও এটি বড় ভূমিকা রাখবে।
নতুন আইনটি পার্লামেন্টে ১৫৩ ভোটে অনুমোদিত হয়েছে। এর বিপক্ষে ভোট পড়েছে ৪২টি এবং ভোটদানে বিরত ছিলেন ৮২ জন সদস্য। মেলোনির জোটের শরিক দল ‘লিগ’ এবং ‘ফোরজা ইতালিয়া’ এই বিলের পক্ষে সমর্থন দিলেও পপুলিস্ট ‘ফাইভ স্টার মুভমেন্ট’ এবং ‘ফুতুরো নাজিওনালে’ এর বিপক্ষে অবস্থান নেয়। বামপন্থী দলগুলো নীতির দিক থেকে একমত হলেও পুনর্বাসন কর্মসূচির জন্য বরাদ্দকৃত তহবিলের অপর্যাপ্ততা নিয়ে প্রশ্ন তুলে ভোটদানে বিরত থাকে।
ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানিয়েছেন, দেশটির কারাগারগুলোতে বর্তমানে প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছে। নতুন আইনের ফলে ১০ হাজারেরও বেশি মাদকাসক্ত এবং আরও ৩ হাজার ৭০০ জন অ্যালকোহল আসক্ত বন্দি উপকৃত হতে পারেন।
লিগ দলের এমপি সিমোনেত্তা মাতোনে বলেন, ‘এই আইনের উদ্দেশ্য কারাগার খালি করা নয়, বরং আসক্ত অপরাধীদের আবারও অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো। যদি আসক্তিই অপরাধের মূল কারণ হয়, তবে সেই আসক্তির চিকিৎসা করলে ভবিষ্যতে অপরাধের ঝুঁকি কমে যায়।’
মানবকণ্ঠ/এমআর




Comments