ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বলেছেন, স্বাধীনতার অর্থ নিজের ইচ্ছেমতো সবকিছু করার অধিকার নয়। তরুণদের উচিত স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ ও দায়িত্ববোধ অনুধাবন করা।
শনিবার (১ আগস্ট) পুনেতে ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার ২০২৬’ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ ডোভালের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তব্যে ডোভাল বলেন, বর্তমান প্রজন্ম যে স্বাধীনতা ভোগ করছে, তা বহু ত্যাগ ও সংগ্রামের ফল। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সময়কার কঠিন বাস্তবতা ও আত্মত্যাগ আজকের তরুণদের জানা এবং তা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, অনেক তরুণ মনে করতে পারেন স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই করার অধিকার। কিন্তু প্রকৃত স্বাধীনতা দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি অঙ্গীকার এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মধ্যেই নিহিত।
তিলকের আদর্শ স্মরণ করে ডোভাল বলেন, ভয়, কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও তিনি জাতীয় চেতনা জাগ্রত করেছিলেন। তাই তরুণদের উচিত তার আদর্শ ও রাষ্ট্রগঠনের চেতনাকে ধারণ করা।
ডোভাল আরও বলেন, ভারত বর্তমানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ কাজে লাগাতে তরুণদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে জাতীয় পর্যায়ের নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ হয়েছে। এ আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক চাপে পড়ে এবং একপর্যায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
সূত্র: এনডিটিভি




Comments