Image description

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হতাহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করেন। এদিকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য ও রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ভূমিকম্পের এক মাসের বেশি সময় পার হলেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজদের উদ্ধারে ধীরগতির অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বব্যাংকের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই দুই ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিললেও পুনর্গঠনের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক ত্রাণকর্মীরা মানবিক সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।