Image description

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার ভাষ্য, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তার আশা, আজ অথবা আগামীকালের মধ্যেই এমন একটি চুক্তি হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে এবং চলমান উত্তেজনা স্বাভাবিক অবস্থার দিকে এগোবে।

সম্ভাব্য চুক্তির আওতায় ইরানকে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, চুক্তির মূল উদ্দেশ্য হবে প্রণালিতে সব দেশের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা। তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে।

মার্কিন অর্থমন্ত্রীর মতে, হরমুজ প্রণালি খুলে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে শত শত জাহাজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দামও কমে আসবে, যা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। খুব শিগগিরই এ বিষয়ে সমঝোতা সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

সূত্র: আল জাজিরা