যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ বাড়ার মধ্যেই শিশুদের জন্য সুপারিশকৃত টিকার সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ আগস্ট) তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে শিশুদের জন্য সুপারিশকৃত টিকার সংখ্যা কমানোর পাশাপাশি মাম্পস, হাম ও রুবেলা (এমএমআর) টিকা আলাদা করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে শিশুদের টিকার সংখ্যা কমানোর পক্ষে মত দিয়ে আসছেন। সোমবারও তিনি দাবি করেন, কয়েক দশক আগে শিশুদের তুলনামূলক কম টিকা দেওয়া হতো এবং তখন অটিজমের হারও কম ছিল। তবে টিকা ও অটিজমের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে—এমন দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই।
নতুন নির্দেশনায় শিশুদের জন্য সর্বজনীনভাবে সুপারিশকৃত টিকার সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১১টি করার কথা বলা হয়েছে। এসব টিকার মধ্যে রয়েছে হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল রোগ, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) এবং ভ্যারিসেলা বা চিকেনপক্সের টিকা।
এ ছাড়া এমএমআর টিকা একসঙ্গে না দিয়ে তিনটি আলাদা টিকা হিসেবে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমএমআর টিকা আলাদা করে দেওয়ার কোনো বাড়তি স্বাস্থ্যগত সুবিধার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং টিকার সময়সূচিতে বেশি ব্যবধান হলে শিশুদের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এবং একাধিকবার চিকিৎসকের কাছে যেতে হওয়ায় টিকা নেওয়ার কোনো ধাপ বাদ পড়ার আশঙ্কাও তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এমএমআর টিকা নেওয়া শিশুদের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি খুবই কম। সংস্থাটির মতে, হাম, মাম্পস বা রুবেলায় আক্রান্ত হওয়ার তুলনায় টিকা নেওয়া অনেক বেশি নিরাপদ।
তবে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্রে স্কুলে উপস্থিতির জন্য কোন কোন টিকা প্রয়োজন হবে, সে সিদ্ধান্ত মূলত অঙ্গরাজ্যগুলোর এখতিয়ার।
ট্রাম্পের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, পরিবর্তনের লক্ষ্য হলো অভিভাবকদের আরও বেশি পছন্দের সুযোগ দেওয়া, টিকার প্রাপ্যতা বন্ধ করা নয়।
এদিকে শিশুদের টিকাদান নীতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়ে চিকিৎসক ও টিকা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, টিকাদানের হার কমে গেলে হামসহ প্রতিরোধযোগ্য রোগের বিস্তার আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শিশুদের টিকাদান সূচিতে নতুন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এসএস




Comments