Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর পাসের হারে বড় ধরনের বিপর্যয় ঘটলেও জিপিএ-৫ প্রাপ্তিতে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষে রয়েছে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং কারিগরি শাখায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে নান্দাইল সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় নান্দাইল উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১ হাজার ১৮০ জন। গড় পাসের হার মাত্র ৪৭%, যা শিক্ষা সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। তবে এই প্রতিকূলতার মধ্যেও অভাবনীয় সাফল্য দেখিয়েছে ‘নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়’। প্রতিষ্ঠানটি থেকে ১৬৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৩৫ জন পাস করেছে এবং উপজেলার সর্বোচ্চ ২৫টি জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, পাঁচানী উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, জহুরাখাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও মুশুল্লী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে এবং মুশুল্লী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। অবশিষ্ট ১০টি প্রতিষ্ঠান থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় উপজেলার ৩৩টি মাদরাসা থেকে ১ হাজার ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৮২ জন। পাসের হার ৫৮.৫৪%। দাখিলে মোট জিপিএ-৫ এসেছে মাত্র ৭টি। এর মধ্যে আচারগাঁও ফাজিল মাদরাসা থেকে সর্বোচ্চ ৩ জন এবং বাকচান্দা ফাজিল মাদরাসা থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের দিক থেকে শতভাগ সফলতার কাছাকাছি রয়েছে কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা (৯৭.০৫%) এবং মিশ্রিপুর বালিকা দাখিল মাদরাসা (৮৯.৬৫%)।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৬টি প্রতিষ্ঠান থেকে ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৫ জন, পাসের হার ৫২.৫৩%। কারিগরি শাখায় মোট ৮ জন জিপিএ-৫ পেয়েছে, যার সবগুলোই অর্জন করেছে ‘নান্দাইল সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ’।

এ বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম বলেন, পাসের হারের সার্বিক নিম্নগতি উদ্বেগের। শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের আরও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, "যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডিআর