নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার নীতিমালা অনুসরণ না করার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বৈশাখী ও শিকদার ডাইন নামে দুটি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘর নামে একটি মিষ্টির দোকানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সোনারগাঁ-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্ট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য সংরক্ষণে যথাযথ নিয়ম অনুসরণ এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহায়তা করেন পেশকার মো. বায়েজিদ, স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার নীতিমালা অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধি অনুযায়ী মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments