Image description

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) যুক্তরাজ্যের নৌ বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক এই জলপথে ট্যাংকারটিতে অতর্কিত ড্রোন হামলা চালানো হয়। হামলায় জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জাহাজের সব কর্মী নিরাপদ ও অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় সমুদ্রে তেল নিঃসরণ বা বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এই উত্তেজনার প্রভাবে নৌ-বাণিজ্যে ধস নেমেছে। স্বাভাবিক সময়ে এই পথে প্রতিদিন ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও বর্তমানে প্রাণের ঝুঁকি নিয়ে মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে।

ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি নিজেদের নিয়ন্ত্রণে দাবি করে আসলেও যুক্তরাষ্ট্র সেখানে কঠোর অবরোধ আরোপ করেছে। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ডিআর