জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ এবার নিজেই চাকরি হারিয়েছেন। সেই আলোচিত ছাঁটাইয়ের প্রায় পাঁচ বছর পর নিজের প্রতিষ্ঠিত অনলাইন মর্টগেজ কোম্পানি ‘বেটার হোম এন্ড ফাইন্যান্স’ (Better Home & Finance) থেকে তার এই বিদায়ের খবর সামনে এলো।
গত ৩ আগস্ট কোম্পানির সিইও পদ থেকে বিশাল গার্গকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইস। এক সময়ের ক্ষমতাধর এই সিইও’র চাকরি হারানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে চাকরি হারিয়ে দমে যাননি গার্গ। তিনি অভিযোগ করেছেন, ড্যানিয়েল লুইস কৌশলে তাকে সরিয়ে বোর্ডের আস্থা অর্জন করেছেন। গার্গের দাবি অনুযায়ী, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করে কোম্পানির খরচ কমানো ও লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। এরপর গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় তিনি পর্ষদের অন্যান্য পরিচালকদের প্রভাবিত করে গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দিতে সক্ষম হন।
ক্ষোভ প্রকাশ করে বিশাল গার্গ বলেন, “আমার ধারণা, সে সবসময়ই সিইও হতে চেয়েছিল। বোর্ড একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে।” নিজের হারানো পদ ফিরে পেতে তিনি এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন। বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে তাকে পুনরায় সিইও পদে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। গার্গ উল্লেখ করেন, তিনি গত ১০ বছর ধরে কোম্পানিটি পরিচালনা করেছেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও অত্যন্ত আশাবাদী।
২০২১ সালের ডিসেম্বরে একটি জুম কলের মাধ্যমে প্রায় ৯০০ কর্মীকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করেন বিশাল গার্গ। ওই কর্মীরা ছিল কোম্পানির মোট জনবলের প্রায় ৯ শতাংশ। সেই সময় ছাঁটাইয়ের ধরণ ও বিশাল গার্গের রূঢ় আচরণ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হয়েছিল। তখন তিনি দাবি করেছিলেন, বাজারের দক্ষতা ও উৎপাদনশীলতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘটনার প্রায় পাঁচ বছর পর এবার আলোচিত সেই সিইও নিজেই ছাঁটাইয়ের শিকার হলেন।
ডিআর




Comments