মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বাড়ালে ইসরায়েল একপর্যায়ে রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রভাবশালী সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তার মতে, বর্তমানে ইসরায়েল নিজেদের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠছে, যা শেষ পর্যন্ত তাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলাউদিনভ এসব কথা বলেন। সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরটি প্রকাশ করেছে। আপতি আলাউদিনভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং প্রখ্যাত ‘আখমাত’ বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলাউদিনভ দাবি করেন, ইসরায়েলের মূল কৌশল হলো বর্তমান যুদ্ধকে আরও দীর্ঘ ও তীব্র করা, যাতে যুক্তরাষ্ট্র এবং পুরো ন্যাটো জোটকে সরাসরি এই সংঘাতের ময়দানে টেনে আনা যায়। তিনি বলেন, “আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আরও বাড়বে। আমার মনে হয়, সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা এবং যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এতে জড়িয়ে ফেলাই এখন ইসরায়েলের মূল লক্ষ্য।”
রুশ এই জেনারেল সতর্ক করে আরও বলেন, ইসরায়েল বর্তমানে নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখছে। এই অতি-আত্মবিশ্বাসের পরিণাম রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব বিলুপ্তির কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার শীর্ষ এই সামরিক কর্মকর্তার এমন মন্তব্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ক্রেমলিনের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে গাজা ও লেবানন সীমান্তে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা যখন বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে, তখন রাশিয়ার পক্ষ থেকে এমন সরাসরি হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডিআর




Comments