Image description

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিন প্রদেশে ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এসব হামলা চালানো হয়েছে। এতে দুই নারী আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সীমান্তবর্তী প্রদেশগুলোতে এসব ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে নারাথিওয়াত প্রদেশে। এ ছাড়া পাশের ইয়ালা ও পাত্তানি প্রদেশেও হামলা হয়েছে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নারাথিওয়াতের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুই নারী আহত হন। বিভিন্ন স্থানে সরকারি ভবন ও যানবাহনে আগুন দেওয়া হয়েছে। কয়েকটি টেলিযোগাযোগ টাওয়ারেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেলে তা স্পর্শ না করতে।

নারাথিওয়াত প্রদেশে নিরাপত্তার কারণে রাতভর কারফিউ জারি করা হয়েছিল। রোববার সকালে তা তুলে নেওয়া হয়। এরপর নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

এখন পর্যন্ত এসব হামলা ও অগ্নিসংযোগের দায় কোনো পক্ষ স্বীকার করেনি।

থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে ২০০৪ সাল থেকে সংঘাত চলছে। স্বায়ত্তশাসনের দাবিতে সেখানে বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন করে আসছে। এই সংঘাতে এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহী সংগঠন বারিসান রেভোলুসি নাসিওনাল (বিআরএন) এই সংঘাতের অন্যতম প্রধান সংগঠন।

এসএস