Image description

বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ম্লাদিচ নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের আটককেন্দ্রে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। যুদ্ধ চলাকালে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, নিপীড়ন ও অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোর হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তিনি বিশেষভাবে কুখ্যাত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনাগুলোর একটি হিসেবে স্রেব্রেনিৎসা গণহত্যা পরিচিত।

২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ম্লাদিচকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। তবে ২০২১ সালে আপিল আদালত তার যাবজ্জীবন সাজা বহাল রাখেন। এরপর দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রেই কারাবন্দি ছিলেন ম্লাদিচ।

এসএস