Image description

নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ার এলাকায় দিনের বেলায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যাংক অব আমেরিকার ৩২ বছর বয়সী এক কর্মকর্তা।  নিহত কর্মকর্তা এরিন পিয়াচেন্তি ব্যাংক অব আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 

সোমবার ওয়েস্ট ৪২তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে এ হামলায় আরও ৬৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ব্যাংক অব আমেরিকা এরিন পিয়াচেন্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। ব্যাংকটির এক বিবৃতিতে বলা হয়, এরিনের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ব্যাংক অব আমেরিকার ম্যানহাটন কার্যালয় টাইমস স্কয়ারের অদূরে ওয়ান ব্রায়ান্ট পার্কে অবস্থিত। ফলে কর্মস্থলের কাছাকাছি এলাকায় হামলার শিকার হন পিয়াচেন্তি। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি এলোপাথাড়ি ও বিনা উসকানিতে চালানো হামলা বলে মনে হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা পামেলা সিসনেরোস নামে ৪৯ বছর বয়সী এক নারীকে দুইটি বড় ছুরি হাতে দেখতে পান। পুলিশ তাকে অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং স্টান গান ব্যবহারের চেষ্টা করা হয়। তবে তিনি অস্ত্র নামাতে রাজি না হয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যান। পরে পুলিশ গুলি চালালে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ কমিশনার টিশ জানান, সিসনেরোসের মানসিক স্বাস্থ্য সমস্যার একটি নথিভুক্ত ইতিহাস ছিল। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় আহত ৬৮ বছর বয়সী ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এনওয়াইপিডি জানিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এরিন পিয়াচেন্তি ২০২১ সালে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। একই সময়ে তার স্বামী ফ্র্যাঙ্কও প্রতিষ্ঠানটি থেকে স্নাতক সম্পন্ন করেন। পিয়াচেন্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফোর্ডহ্যাম ল স্কুলও শোক প্রকাশ করেছে।

ব্যাংক অব আমেরিকার গ্লোবাল করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্ট ম্যাথিউ কোডার এক অভ্যন্তরীণ বার্তায় পিয়াচেন্তিকে ‘প্রিয় সহকর্মী ও বন্ধু’ হিসেবে স্মরণ করেন। তিনি জানান, প্রায় ১৮ মাস আগে ব্যাংক অব আমেরিকায় যোগ দেওয়া এরিন বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার মৃত্যুতে ব্যাংকের অনেক কর্মী গভীরভাবে শোকাহত বলেও উল্লেখ করেন তিনি।

কোডার আরও জানান, ঘটনাটি নিয়ে পুলিশি তদন্তে ব্যাংকের নিরাপত্তা দল সহযোগিতা করছে। একই সঙ্গে ব্যাংকের কার্যালয় ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তথ্য সূত্র- রয়টার্স।
এমআর