Image description

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি’ (এক বিশ্ব এক মানবতা) সম্মেলনে বাংলাদেশ লিবারেল ইসলামিক পার্টির চেয়ারম্যান ও সুফি ধারার প্রবক্তা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির নেত্রী ও ট্রান্সজেন্ডার উর্মি। দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে অংশ নেওয়া এই নেত্রী অপপ্রচারকারীদের কঠোর সমালোচনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক লাইভ ভিডিওতে উর্মি দাবি করেন, একটি কুচক্রী মহল ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদকে নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

লাইভে ক্ষোভ প্রকাশ করে উর্মি বলেন, ‘আমার নবীজিকে নিয়ে যখন কেউ কটূক্তি করে, তখন আপনারা কোথায় থাকেন? ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ যখন এসবের প্রতিবাদ করেন, তখন আপনারা মুখ লুকিয়ে রাখেন কেন? এখন উনার ভালো কাজ দেখে আপনাদের এত চুলকানি কেন হচ্ছে?’

অপপ্রচারকারীদের বিঁধে তিনি আরও বলেন, ‘এই চুলকানিগুলো আপনারা একটু কমান। নইলে এবিল (Avil) খান নয়তো এলাট্রল (Alatrol) খান, কাজে আসবে। ভালো হন, আপনারা এখনো সময় থাকতে ভালো হন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নিউইয়র্কের ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ইসলামের প্রতিনিধি হিসেবে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ অংশগ্রহণ করেন। সেখানে ভারতের একটি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে তার সমালোচনা শুরু হয়। উর্মির দাবি, সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি থাকাটাই স্বাভাবিক এবং একে কেন্দ্র করে তার নেতার দেশপ্রেম বা ধর্মীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে অধিকতর মন্তব্যের জন্য বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উর্মির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবকণ্ঠকে বলেন, ‘এখন আমি দুপুরের খাবার খাচ্ছি, এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলব।’

উর্মির এই ফেসবুক লাইভ ও আক্রমণাত্মক প্রতিবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একপক্ষ উর্মির এই সাহসের প্রশংসা করলেও অন্যপক্ষ তার ব্যবহৃত ভাষা নিয়ে সমালোচনা করছেন।

ডিআর