ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ হামলা হয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হামলায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন।
ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন কেরমানপুর।
সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান জানান, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। তাদের কাছের শহর মিনাবের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।
ইরানি রেড ক্রিসেন্টের প্রকাশ করা ভিডিওতে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটির দেয়াল ও জানালা ভেঙে পড়তে দেখা গেছে। আশপাশে ধ্বংসাবশেষও ছড়িয়ে ছিল। সংস্থাটি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিশুর ছবিও প্রকাশ করেছে।
হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমানের শব্দ শুনতে পেয়েছিল।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার চেষ্টার জবাব হিসেবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে।
এসএস




Comments