Image description

ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অঞ্চলের বন ও পিটভূমির দাবানলের কারণে সৃষ্ট কালো ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এর জেরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং জনসাধারণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করবে।’

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সেরিয়ানে বায়ুদূষণ সূচক ৫০০-এর ওপরে উঠে যায়। জরুরি অবস্থা ঘোষণার জন্য এটি নির্ধারিত সীমা অতিক্রম করেছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ ৩০০-এর ওপরে সূচককে বিপজ্জনক হিসেবে শ্রেণিবদ্ধ করে।

বোর্নিও দ্বীপের মালয়েশীয় অংশে অবস্থিত সারাওয়াক ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চলের বন ও পিটভূমির দাবানল থেকে আসা ধোঁয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ায় পরিস্থিতির উন্নতি এবং বাঁধের পানির স্তর পুনরুদ্ধারের জন্য মালয়েশিয়া বৃহস্পতিবার সারাওয়াকে তিন দিনের কৃত্রিম বৃষ্টিবর্ষণ কার্যক্রম শুরু করেছে।

কৃত্রিম বৃষ্টিবর্ষণে উপযুক্ত মেঘের মধ্যে বিভিন্ন কণা ছড়িয়ে দেয়া হয়, যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। ইন্দোনেশিয়াও ব্যাপক বন ও পিটভূমির আগুন মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিবর্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্তন পাঞ্জাইতান আনাদোলুকে বলেন, ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর লক্ষ্য ছিল বিদ্যমান বৃষ্টির সুবিধা নেয়া, মাটি ও পিটভূমিতে আর্দ্রতা বাড়ানো, চলমান আগুন নিয়ন্ত্রণ করা এবং নতুন আগুনের বিস্তার ঠেকানো।

তিনি বলেন, ‘কৃত্রিম বৃষ্টিবর্ষণ কার্যক্রম বা আবহাওয়া পরিবর্তন অভিযানে বিভিন্ন অগ্রাধিকার এলাকায় সহায়তার জন্য ইন্দোনেশিয়া মোট ৩৪টি উড়োজাহাজ মোতায়েন করেছে।’ 
এমআর