ভয়াবহ পাহাড়ি বন্যার ১১ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নেপালের ত্রিশূলী-১ (২১৬ মেগাওয়াট) প্রকল্পের অডিট-৪ টানেল থেকে তাকে উদ্ধার করা হয়। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও নেপাল) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
নেপালি সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার একটি দুর্যোগ বিশেষজ্ঞ দল যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে দ্রুত নুয়াকোটের ত্রিশূলীতে অবস্থিত মৈথিল ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী নদী করিডরে অবস্থিত ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন— যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন। পাহাড়ি ঢলের ৯ দিন পর টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তাদের বের করে আনে।
উদ্ধারকাজে যুক্ত প্রকৌশলী ও আইনপ্রণেতা শ্রী রাম নিউপানে জানান, উদ্ধারকারী দল টানেলের ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। সেখান থেকে আরও সাড়া পাওয়ায় ধারণা করা হচ্ছে ভেতরে আরও মানুষ বেঁচে থাকতে পারেন। তাদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্টের ভয়াবহ পাহাড়ি ঢলে ত্রিশূলী নদী উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও তিব্বত অঞ্চলে এখন পর্যন্ত ১ হাজার ২৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৮০০ জন। বন্যার তোড়ে জলবিদ্যুৎ প্রকল্পসহ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডিআর




Comments