Image description

পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে বিরোধের মধ্যেই লাদাখে সিন্ধু নদে পাথরের বাঁধ তৈরি করেছে ভারত। লেহর উপশি এলাকায় তৈরি করা এই বাঁধে প্রায় চার কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হবে।

স্থানীয় কৃষকদের সেচের সুবিধার জন্য বাঁধটি তৈরি করা হয়েছে। তবে পাকিস্তানের কৃষি ও পানি ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ সিন্ধু নদে পানি আটকে রাখার এই উদ্যোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বড় বড় প্রাকৃতিক পাথর দিয়ে বাঁধটি তৈরি করা হয়েছে। এতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ তৈরির পর নদীর পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে।

সংরক্ষণ করা পানি ইগু ফে সেচ খালের মাধ্যমে আশপাশের কৃষিজমিতে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, লাদাখের কৃষকেরা দীর্ঘদিন ধরে সেচের পানির সংকটে ছিলেন। গভীর গিরিখাত দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হওয়ায় অনেক সময় নদীর পানি নিচে নেমে যেত। ফলে পাম্প দিয়ে পানি তোলা কঠিন হয়ে পড়ত। নতুন বাঁধের কারণে এই সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

তবে পাকিস্তানের জন্য সিন্ধু নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির কৃষি ও পানি সরবরাহের বড় একটি অংশ এই নদীর ওপর নির্ভরশীল। ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে নদীগুলোর পানি ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়।

২০২৫ সালের এপ্রিলে পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত চুক্তিটি একতরফাভাবে স্থগিত করে। ওই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। এরপর দুই দেশের মধ্যে পানি ও কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

গত ৩১ আগস্ট দ্য হেগের স্থায়ী সালিশি আদালত জানায়, সিন্ধু পানিচুক্তির আওতায় ভারতকে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে। চুক্তি একতরফাভাবে স্থগিত করার ভারতের সিদ্ধান্তও আদালত গ্রহণ করেনি। তবে ভারত ওই আদালতের এখতিয়ার ও সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে।

এমন পরিস্থিতিতে লাদাখে সিন্ধু নদের পানি ধরে রাখতে ভারতের নতুন এই বাঁধ পাকিস্তানের উদ্বেগ আরও বাড়াতে পারে।

এসএস