দুই মার্কিন যুদ্ধজাহাজে হামলা, ইরানের তিন ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পর তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে পালটা হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়। মার্কিন বাহিনী বলেছে, ইরান দুটি মার্কিন জাহাজে একাধিক হামলা চালালেও সেগুলো নিরাপদে হামলা এড়িয়ে গেছে।
সেন্টকমের দাবি, এর জবাবে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়। খারগ দ্বীপের কাছে ‘এম/টি ডাউনি’ এবং জাস্কের কাছে ‘এম/টি স্টার্ক ১’ ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছে। আর পারস্য উপসাগরের বাইরে ‘এম/টি কাইলো’ নামের একটি খালি তেলবাহী ট্যাংকারে কয়েকবার হামলা চালিয়ে সেটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
সেন্টকমের কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপার বলেন, ইরানের জন্য তাদের বার্তা পরিষ্কার—মার্কিন জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্রও পালটা ব্যবস্থা নেবে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি কর্মকর্তারা যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার কথা বলেছেন। তবে দেশটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছিল, খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির দাবি, ওই জাহাজে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসএস




Comments