Image description

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যকে ঘিরে তিনটি “বড় পরিকল্পনা” নিয়ে এগোচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা বাস্তবায়িত হলে অঞ্চলটিতে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান আমূল বদলে যেতে পারে। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ইরানের প্রভাব মোকাবিলায় নতুন আঞ্চলিক জোট গঠন এবং একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক আরও গভীর করা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফনিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

অ্যাক্সিওস জানিয়েছে, পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে অন্তত দুই দফা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরও দুই সূত্রের বরাতে জানা গেছে, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর এবং ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে মধ্যপ্রাচ্য নীতির রূপরেখা নির্ধারণে এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মার্কিন সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা যৌথভাবে এই কৌশল প্রণয়ন করছেন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, সম্ভাব্য কৌশলটির তিনটি প্রধান উপাদান নিয়ে আলোচনা হয়েছে।

প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রকে জামিনদার (গ্যারান্টর) হিসেবে রেখে ইরানকে প্রতিহত করতে মার্কিন মিত্রদের মধ্যে একটি আঞ্চলিক জোট তৈরি করা।

দ্বিতীয়ত, ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী পর্যায় সুরক্ষিত করা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি করা এবং ইসরায়েল-লেবানন চুক্তি বাস্তবায়ন করা।

তৃতীয়ত, আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানো এবং সৌদি আরব-ইসরায়েল স্বাভাবিকীকরণ চুক্তি অর্জন করা।

আব্রাহাম অ্যাকর্ডস হলো ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একগুচ্ছ চুক্তি।

সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসন আশা করছে, ২৭ অক্টোবরের নির্বাচনের পর গঠিত যেকোনো নতুন ইসরায়েলি সরকার যুদ্ধ-পরবর্তী এই কৌশলে সহযোগিতা করতে ইচ্ছুক ও সক্ষম হবে।

তবে কিছু মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন—এমনকি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলেও—ট্রাম্প কৌশলটি বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করবেন।

প্রক্রিয়াটি সম্পর্কে অবহিত একটি সূত্র জানিয়েছে, কৌশলটির খসড়া তৈরি করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। সূত্রটির ভাষায়, ‘তারা এটি রান্না করছে, তবে এটি এখনও রান্না হয়নি।’

সূত্র:  গালফ নিউজ,  অ্যাক্সিওস
এমআর