Image description

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব জানান, গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসন পূরণের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, এই উপনির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বিভিন্ন পরীক্ষা বিবেচনায় নিয়েই নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনার কথা জানান ইসি সচিব। তিনি বলেন, এবার ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক। প্রতিটি উপজেলার সব ইউনিয়নে একই দিনে ভোট গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন মোট কত ধাপে অনুষ্ঠিত হবে (৫ বা ৬ ধাপ), তা এখনো চূড়ান্ত হয়নি।

নির্বাচনী বিধিমালার পরিবর্তনের বিষয়ে সচিব জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এছাড়া সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু করার বিষয়েও বিশেষ নির্দেশনা থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডিআর