Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ চার শিশু হলো—বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। স্থানীয় বিভিন্ন এলাকাতেও সন্ধান চালানো হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে সন্তানদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। তারা কোথায় আছে, কী অবস্থায় আছে—এ নিয়ে প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠার মধ্যে কাটছে। সন্তানদের দ্রুত ফিরে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তারা।
এদিকে নিখোঁজ চার শিশুর সন্ধানে আত্মীয়-স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি শিশুদের সন্ধান পেলে দ্রুত তাদের পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
এসএ