Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় মামলা হলে নিজেকেই এক নম্বর আসামি করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভর মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি।

রুমিন ফারহানা জানান, গত ২৩ অক্টোবর ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়ে প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’

এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। সেখানে ওসির কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তাকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি সে ব্যবস্থা করেননি।

এদিকে, বৃহস্পতিবার রাতের ঘটনা উল্লেখ করে থানায় একটি জিডি করা হয়েছে বলে শনিবার জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি বলেন, এটি কোনো অভিযোগ নয়; উল্লেখযোগ্য ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।

এসএস