মালয়েশিয়ার সাবাহ রাজ্যের তেলুপিডে লরির সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তেলুপিডের কাম্পুং গামবারন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাবাহ ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টার জানায়, বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ির সংঘর্ষের ঘটনায় সকাল ৭টা ২৮ মিনিটে জরুরি কল পাওয়া যায়। খবর পেয়ে বেলুরান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সাতজন দমকলকর্মী ৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে টেলিফোন নেটওয়ার্ক ও সরকারি ইন্টিগ্রেটেড রেডিও নেটওয়ার্কের সংযোগ না থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হয়।
দমকলকর্মী, রয়্যাল মালয়েশিয়া পুলিশ ও সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা গাড়িতে আটকে থাকা চারজনকে উদ্ধার করেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় ও লিঙ্গ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেলুরান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট হাসান মজিদ জানান, নিহতদের মধ্যে ৬৩ বছর বয়সী একজন স্থানীয় নাগরিক এবং তিনজন বিদেশি নাগরিক ছিলেন। দুর্ঘটনায় ৪৪ বছর বয়সী লরি চালকও আহত হয়েছেন।
সূত্র: মালয় মেইল।
ডিআর




Comments